বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত
দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে জয়ের পথ নিশ্চিত হয়ে যায় না। ভোটারদের আস্থা, জনসম্পৃক্ততা ও প্রার্থীর যোগ্যতাই নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কেবল দলের মনোনয়ন পাওয়ার ওপর ভরসা না করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতার বরাতে এ তথ্য জানা গেছে।
দলীয় অভ্যন্তরীণ বৈঠক হওয়ায় সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার সুযোগ ছিল না। পরে বৈঠকে আলোচিত বিষয়গুলো সম্পর্কে উপস্থিত নেতাদের কাছ থেকে তথ্য পাওয়া যায়।
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এম মামুন মিয়া জানান, সভায় প্রধানমন্ত্রী সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে যে ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছিল, ভবিষ্যতে সে ধরনের নির্বাচনী পরিবেশ আর থাকবে না। নির্বাচনব্যবস্থায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে দলীয় নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করলে মাদকের বিস্তার অর্ধেক কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাকি অংশ নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে মাদকবিরোধী কার্যক্রমে রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সচেতনতা ও প্রশাসনিক উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্ব উঠে আসে।
বৈঠকে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সভায় উপস্থিত আরেক বিএনপি নেতা জানান, প্রধানমন্ত্রী ‘পতিত ফ্যাসিস্ট’ এবং ‘জান্নাতের টিকিট’ বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন স্বার্থে এসব পক্ষ একত্র হয়েছিল এবং আবারও ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বৈঠকে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি জনসম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।