বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শেখ হাসিনা ও শেখ সেলিম
নিজের অনুপস্থিতিতে দল পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, "এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।" ছোট বোন শেখ রেহানার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, রেহানা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন।
আওয়ামী লীগ সভাপতি আগামী ডিসেম্বরেই দেশে ফেরার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তবে বিমানবন্দরেই তাঁকে হত্যার ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।" দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও জানান তিনি।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শেখ হাসিনা দাবি করেন, দেশে উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে যার প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতার ওপর পড়বে। তিনি সতর্ক করে বলেন, "বাংলাদেশে জঙ্গিবাদীদের উত্থানের খেসারত ভারতকেও দিতে হবে।" পাশাপাশি নির্বাচন নিয়ে দিল্লির মনোভাব ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করল, তারেককে ফিরিয়ে আনল—সেটা ভারত সরকারই ভালো বলতে পারবে।"
২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি দাবি করেন, তাঁর দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে মনে করলেও আকাশসীমা পার হওয়ার পর তিনি জানতে পারেন তাঁকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ছয় লাখ মামলা হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, প্রতিকূলতা সত্ত্বেও বিজয়ের মাস ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন।