বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই রক্তাক্ত: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে কিছু তরুণ রাজনৈতিক নেতার বক্তব্যে এমন ভাষা ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, এসব বক্তব্যে অতীতের রাজনৈতিক অপসংস্কৃতির প্রতিফলন দেখা যাচ্ছে।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতা বজায় রাখা প্রয়োজন। তার ভাষ্য, অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হলেও বিএনপি সমালোচনার ক্ষেত্রে অশালীন ভাষা ব্যবহার করেনি। তিনি নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও ইতিবাচক রাজনৈতিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রিজভী দাবি করেন, দলটি একটি পশ্চাৎমুখী রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করেছে। তার মতে, তরুণদের রাজনীতি হওয়া উচিত ভবিষ্যতমুখী এবং উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধকেন্দ্রিক।
তিনি আরও বলেন, গণআন্দোলনের শক্তিকে অবমূল্যায়ন করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই আন্দোলনকে তিনি দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রশাসনে দলীয় নিয়োগের বিষয়ে রিজভী বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন সরকারের পছন্দ অনুযায়ী নিয়োগ দেওয়া বিশ্বের বিভিন্ন দেশেই প্রচলিত রয়েছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর কথা উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে আরও বড় পরিসরে দলীয়করণ হতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনও। তিনি ছাত্রশিবিরের সমালোচনা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হয়রানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চালু হওয়া ‘ফিমেল কর্নার’ এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন।
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে নাছির উদ্দীন বলেন, রাজনৈতিক অঙ্গনে শালীন ভাষা ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।