বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দেশের সংকটপূর্ণ সময়ে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তার সেই ভূমিকা মুক্তিযুদ্ধের গতি ও জনমনে প্রেরণা সঞ্চারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।
শনিবার দুপুরে ইটনা সদর উপজেলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
ফজলুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি সততা, প্রশাসনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিশেষ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, মানুষের প্রতি গভীর বিশ্বাস ও আস্থাই ছিল জিয়াউর রহমানের অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ মানুষের ওপর তার এই আস্থা জীবনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল। তিনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেই বিশ্বাসের মূল্য নিজের জীবন দিয়ে পরিশোধ করেছেন।
সংসদ সদস্য বলেন, সামরিক জীবন থেকে রাজনীতিতে এলেও জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে কাজ করেছিলেন। রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা এবং নির্বাচনী ব্যবস্থাকে সক্রিয় করার মাধ্যমে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেন।
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সৎ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী নেতৃত্বের অভাবে দেশ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। জিয়াউর রহমানের মতো নেতৃত্ব থাকলে দেশ আরও এগিয়ে যেতে পারত বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন ফজলুর রহমান। তিনি বলেন, আপসহীন রাজনৈতিক অবস্থান ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার কারণে খালেদা জিয়া মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।