বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন -ছবি : সংগৃহীত
শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপি নেতাকর্মীদের জোরালো স্লোগানের মুখে তিনি এ আশ্বাস দেন।
সরকারপ্রধান বলেন, এটি যদি সত্যিই জনগণের দাবি হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ তা বাস্তবায়ন করা হবে।
এ সময় কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি আশ্বাস দেন। প্রধানমন্ত্রী জানান, খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে পথসভাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামেই নতুন বিভাগ গঠন এবং সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তার বক্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের ব্যাপক সমর্থন দেখা যায়।
তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম কৃষকদের উন্নয়নে কাজ করব। ক্ষমতায় যাওয়ার পরপর আমরা ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছি। আমরা সরকার গঠনের পর দশদিনের মধ্যেই কৃষিঋণ মওকুফ করে দিয়েছি। এতে ১২ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। আপনাদের দাবি হচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, গুলি করেছে। তারা দেশের মানুষের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার ফলে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত চাপে আছে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। জনগণের যে চাওয়া আমরা সবকিছু বাস্তবায়ন করব।
জনগণ হচ্ছে বিএনপির আসল শক্তি উল্লেখ করে তিনি আহ্বান জানান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করি। করব কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।