বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির -ছবি : সংগৃহীত
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি বিভিন্ন অনুমোদন পেতে দীর্ঘ সময়ের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় লাগছে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সময়সীমা কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সরকারি সেবার ডিজিটাল রূপান্তর এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে মন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনার বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করতে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ প্রদানের কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময়ের প্রয়োজনীয়তা কমিয়ে ১৪ দিনে আনার লক্ষ্য রয়েছে।
এতে উদ্যোক্তাদের সময় ও আর্থিক ব্যয় কমার পাশাপাশি দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করছে সরকার।
বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে রপ্তানি খাতকে বহুমুখী করতে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার জুতা, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার।
চামড়াশিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের প্রচেষ্টা চলছে।
এ ছাড়া দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।
পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়ার তথ্যও বৈঠকে জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় উন্নয়ন প্রকল্পের মধ্যে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে আরও বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া গেলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।
অন্যদিকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্যনীতি ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিরও বড় সম্ভাবনা রয়েছে।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।