বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রতীকী ছবি
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য দুর্বলতা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে এ ঝুঁকি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। ঝুঁকি নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। তবে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা তৈরি হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ পেতে পারে। এর ফলে সার্ভারের ফাইল, তথ্যভান্ডার এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপি প্রযুক্তিনির্ভর আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এটি ব্যবহৃত হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি অনিরাপদ হয়ে যায় না। সফটওয়্যারের সংস্করণ, নিয়মিত নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর সম্ভাব্য ঝুঁকি নির্ভর করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সার্ভারে ব্যবহৃত পিএইচপি সংস্করণ পরীক্ষা করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করা জরুরি। দ্রুত ত্রুটি সংশোধন করা সম্ভব না হলে অননুমোদিত সংযোগ সীমিত করা, ফায়ারওয়াল ব্যবহার এবং প্রয়োজনে সার্ভার সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে।
ওয়েবসাইট বন্ধ থাকায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য সংগ্রহ ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক ভোগান্তি হতে পারে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।