বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
নতুন জাতীয় বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসতে পারে খুব শিগগিরই। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি চলছে। সেখানে অনুমোদন মিললে চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের অভ্যন্তরীণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতিও রাখা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।
এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন বাস্তবায়নের বিষয়ে কাজ চলছে। সুপারিশ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে তিনি জানান।
নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে পুরো বেতন কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরে মূল বেতন বাড়ানো এবং পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা থাকতে পারে। তবে সরকারি প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত গ্রেডভিত্তিক বেতনের অঙ্ককে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা রয়েছে।
এ ছাড়া ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০, ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত মূল বেতনের প্রস্তাব রয়েছে।
৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার, ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০, ৮ম গ্রেডে ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০, ৯ম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত মূল বেতনের প্রস্তাব করা হয়েছে।
১১তম থেকে ২০তম গ্রেডে প্রস্তাবিত সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও উল্লেখ করা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
সব মিলিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। এখন মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং পরবর্তী প্রজ্ঞাপনের দিকেই তাকিয়ে রয়েছেন তারা।