বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্ষুদ্র ও কুটির শিল্পের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন এবং অর্থায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশজুড়ে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির সুদূরপ্রসারী কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সক্ষমতা আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সরকারি অর্থায়নে পরিচালিত ২২টি ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব তথ্য জানান। বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন:
"দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ–সংকট বিগত ১৭ বছরের সরকারের আমদানিনির্ভর জ্বালানিব্যবস্থার কারণে উত্তরাধিকার হিসেবে পাওয়া। বাস্তব পরিস্থিতি আড়াল না করে সরকার জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথে হাঁটছে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত হবে। গত ছয় মাসে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে এবং আগামী পাঁচ বছরে তা ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।"
গ্রাহকদের একই সঙ্গে বিদ্যুতের ভোক্তা ও উৎপাদক হিসেবে গড়ে তুলতে নেট মিটারিং পদ্ধতির সংস্কার এবং ইডকল ও বিআইএফএফএলের মতো আর্থিক প্রতিষ্ঠানকে যুক্ত করে সহজ শর্তে ৬ থেকে ৭ শতাংশ সুদে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
পিকেএসএফের এই বিশাল কর্মসংস্থান পরিকল্পনার বিষয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, "ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোগের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন ও অর্থায়নের মাধ্যমে পিকেএসএফ আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সৌরবিদ্যুৎসহ সম্ভাবনাময় বহুমুখী খাতে এ কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পিকেএসএফের পাঁচ হাজার কোটি টাকার ঋণচুক্তি সম্পন্ন হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সরকার ও সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে অর্থায়নের পরিধি আরও বাড়ানো হবে।"
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ফাউন্ডেশনগুলো মূলত পাঁচটি প্রধান ক্লাস্টার—‘একটি গ্রাম একটি পণ্য’, সৌরবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক নিরাপত্তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর ভিত্তি করে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে। কর্মসংস্থান সৃষ্টির সার্বিক অগ্রগতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করা হবে।