বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সারাদেশে একক কিউআর কোড ব্যবস্থা ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করার পর ডিজিটাল লেনদেনে বড় ধরনের গতি এসেছে। জুলাই মাসের শুরুর তুলনায় গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়ে ১১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসের শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো, যার আর্থিক মূল্য ছিল দৈনিক গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজারে উন্নীত হয়েছে এবং একই সময়ে মোট আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১১০ কোটি ৩৮ লাখ টাকায়।
গত ১ জুলাই থেকে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের নিজস্ব কিউআরের পরিবর্তে একক মানদণ্ড হিসেবে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিগত সিদ্ধান্তের পর প্ল্যাটফর্মটিতে মার্চেন্ট অন্তর্ভুক্তির সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের আওতায় নিবন্ধিত দোকানের সংখ্যা প্রায় ১৬ লাখ থাকলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় ৩০ লাখে পৌঁছেছে। এই বিস্তার প্রক্রিয়ায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বর্তমানে এই ব্যবস্থাটি মূলত খুচরা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কেনাকাটার বিল পরিশোধে ব্যবহৃত হলেও আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়ে অর্থ স্থানান্তরের নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কাঠামো চালু হলে প্রত্যেক গ্রাহকের জন্য একটি সুনির্দিষ্ট কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সার্বজনীন করতে সংশ্লিষ্ট ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আগামী নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।