বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মন্টে কার্লো মাস্টার্সে বড় ধরনের ধাক্কা খেয়েছেন সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভ। দ্বিতীয় রাউন্ডে ইতালির মাত্তেও বেরেত্তিনির কাছে তিনি একতরফা লড়াইয়ে ৬-০, ৬-০ সেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। অন্যদিকে, কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন আলেক্সান্ডার জেভেরেভ। তার এই জয় টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বুধবারের (৮ এপ্রিল) ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিলেন মেদভেদেভ। প্রথম গেমেই দুটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পারার পর পুরো ম্যাচজুড়েই ভেঙে পড়েন তিনি। ৩০টি আনফোর্সড এরর এবং পাঁচটি ডাবল ফল্ট করেন রুশ তারকা।
শেষ ১১টি গেমের কোনো গেমেই দুই পয়েন্টের বেশি জিততে পারেননি মেদভেদেভ। দ্বিতীয় সেটে হতাশা চরমে পৌঁছালে চারবার র্যাকেট আছড়ে ভাঙেন কোর্টে। মাত্র ৪৯ মিনিটে ম্যাচ শেষ করে ‘ডাবল ব্যাগেল’ জয় তুলে নেন বেরেত্তিনি। এটিই ক্যারিয়ারে মেদভেদেভের প্রথম এমন লজ্জার হার।
ম্যাচ শেষে বেরেত্তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল এটি। পুরো ম্যাচে হয়তো তিনটি শট মিস করেছি। দানিলের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এটা সহজ নয়। আমার পরিকল্পনা নিখুঁত ছিল, ব্যাটগুলোও ভালো কাজ করেছে।’
বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ের ৯০ নম্বরে থাকা সাবেক উইম্বলডন রানার্সআপ বেরেত্তিনি শেষ ষোলোতে খেলবেন ব্রাজিলের তরুণ জোয়াও ফনসেকার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে আর্থার রিন্ডারকনেখকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারান তিনি।
অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন বিশ্ব তিন নম্বর জেভেরেভ। চিলির কোয়ালিফায়ার ক্রিস্টিয়ান গারিনকে ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে হারান জার্মান তারকা।
প্রথম সেট হারের পর তৃতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে পড়েছিলেন জেভেরেভ। এমনকি ৫-৩ গেমে এগিয়ে থেকে ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিলেন গারিন। তবে সেখান থেকে টানা পাঁচটি গেম জিতে ম্যাচ নিজেদের করে নেন জভেরেভ। শেষ গেমে তিনটি ব্রেক পয়েন্ট ঠেকিয়ে টাইব্রেক এড়ান তিনি এবং তৃতীয় ম্যাচ পয়েন্টে জয় নিশ্চিত করেন।
এই মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনে সেমিফাইনালে উঠলেও এবার শুরুতেই বিদায়ের শঙ্কায় পড়েছিলেন জেভেরেভ। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে টিকে থাকলেন তিনি। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ বেলজিয়ামের জিজু বার্গস। তিনি ২০২৩ সালের চ্যাম্পিয়ন আন্দ্রে রুবলেভকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন।
গত এক বছরে কোনো এটিপি শিরোপা জিততে পারেননি জেভেরেভ। সবশেষ ২০২৪ সালে মিউনিখে জেতেন তিনি। আর মাস্টার্স পর্যায়ে তার সর্বশেষ শিরোপা আসে ২০২৪ সালের প্যারিসে।