বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ সৃষ্টি ও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার (১১ মে) জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কিছু এলাকায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের পক্ষে প্রকাশিত সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, অতিভারী বর্ষণের কারণে বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।
সোমবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
বিশেষ করে ১৩ মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে। ১৪ মে তা আরও বিস্তৃত হয়ে অতি ভারী বর্ষণে রূপ নিতে পারে। ১৫ মে পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে না তবে কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।