বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক
সারাদেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে কমিটির সদস্যরা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা শেষে এই সন্তুষ্টির কথা জানান।
বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। এ সময় বিগত ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে সংঘটিত অপরাধের একটি তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) অপরাধ সংক্রান্ত বিস্তারিত ডাটা কমিটির সামনে উপস্থাপন করা হয়।
উপস্থাপিত অপরাধ প্রতিবেদনে ডাকাতি, দস্যুতা, খুন, দ্রুত বিচার আইনের মামলা, দাঙ্গা-হাঙ্গামা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য এবং চোরাচালান সংক্রান্ত বিভিন্ন অপরাধের তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত ছিল।
তুলনামূলক এসব পরিসংখ্যানে প্রতীয়মান হয় যে, আগের সময়ের তুলনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য ইতিবাচক উন্নতি ঘটেছে। মাঠপর্যায়ের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার এই অগ্রগতিতে বৈঠকে উপস্থিত সংসদীয় কমিটির সব সদস্য একযোগে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলা মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ ও কঠোর দমনে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সাইবার অপরাধ কার্যকরভাবে দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ সরকারের গৃহীত নানা যুগোপযোগী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অপরাধ প্রতিরোধ ও আধুনিক তদন্তকাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বশেষ প্রযুক্তিতে দক্ষ করে তোলার জোর সুপারিশ করে স্থায়ী কমিটি।
কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সম্প্রতি রাজধানী ঢাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া বিশেষ নিরাপত্তা পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকাসহ সারাদেশে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য সংস্থার গৃহীত কঠোর পদক্ষেপ এবং এ সংক্রান্ত সাম্প্রতিক অগ্রগতির চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেন।
স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন।
এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।