বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের প্রথম ধাপে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ১১২ জন কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম পর্যায়ে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন। সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় বিদেশগামী কর্মীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান তিনি। পরে মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো। কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।