বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করা হবে। বিজয় দিবসে প্রকল্পটির উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নির্মিত হবে নতুন সচিবালয়। প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে। ভবনগুলোতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা পাওয়া যাবে। পাশাপাশি ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তবে প্রকল্পের জন্য নির্ধারিত জমির মালিকানা নিয়ে আপত্তি রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। তাদের দাবি, পুরোনো বাণিজ্যমেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। আশির দশকে বাণিজ্যমেলা আয়োজনের জন্য সাময়িকভাবে জমিটি নেওয়া হলেও পরে তা বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। বর্তমানে মাঠটিতে কৃষিবিষয়ক গবেষণা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। সেখানে সচিবালয় নির্মাণ করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ সিদ্ধান্তের প্রতিবাদে গত অক্টোবর ও নভেম্বর মাসে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। একই সঙ্গে প্রকল্পের কারণে পরিবেশের ক্ষতি এবং আশপাশের হাসপাতালগুলোর কার্যক্রমে সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি, বিতর্কিত জমিটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, গণপূর্ত অধিদপ্তরের নামে রয়েছে। তবে জমির মালিকানা নিয়ে শিক্ষার্থীদের উত্থাপিত দাবির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে সচিবালয় স্থানান্তরের পেছনে বর্তমান ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা, জায়গার সংকট এবং প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বর্তমানে রাজধানীর আবদুল গণি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন নির্মিত হয়েছিল স্বাধীনতার আগে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, পুরোনো ভবনগুলোর কয়েকটি ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি।
নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু হলে আবদুল গণি রোডের বর্তমান স্থাপনাগুলো কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়েও পরিকল্পনা রয়েছে সরকারের। পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় এবং অধস্তন আদালতের কিছু কার্যক্রম সেখানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।