বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাজধানীর যানজট কমাতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) কাজের অগ্রগতি ৮১ শতাংশে পৌঁছেছে। প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার পাশাপাশি আগামী বছরের জানুয়ারিতে পান্থকুঞ্জ র্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। অন্যদিকে, আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত উড়ালসড়ক চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, পুরো উড়ালসড়ক চালু হলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যাত্রাবাড়ীর কুতুবখালী, কমলাপুর, মগবাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করা সহজ হবে। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমার সম্ভাবনা রয়েছে।
বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর কাওলা থেকে ফার্মগেট অংশ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ২০ মার্চ এফডিসি রেলগেটসংলগ্ন ডাউন র্যাম্পও চালু করা হয়।
গত ২৫ নভেম্বর সোনারগাঁও লিংক রোড এলাকায় প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখা যায়, বিভিন্ন অংশে শ্রমিকেরা কাজ করছেন। সংশ্লিষ্ট কর্মীরা বলেন, সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। অতিরিক্ত সময় দায়িত্ব পালন করলে ওভারটাইমের সুবিধাও দেওয়া হচ্ছে।
তবে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গেছে। আগে কোনো কোনো প্রকৌশলীর অধীনে ৭০ থেকে ১০০ জন পর্যন্ত কর্মী কাজ করলেও বর্তমানে সেই সংখ্যা কমে ৪০ থেকে ৫০ জনে দাঁড়িয়েছে।
সেতু কর্তৃপক্ষের সূত্র বলছে, পান্থকুঞ্জ র্যাম্প আগামী জানুয়ারিতে চালুর চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে এই র্যাম্প দিয়ে যানবাহন উড়ালসড়কে উঠতে পারবে, নামার ব্যবস্থা থাকবে না।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে জুনেই ওই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে পুরো প্রকল্পের নির্মাণকাজ শেষ করে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে উড়ালসড়কটি চালুর লক্ষ্য রয়েছে সরকারের।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। এর মধ্যে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ২৭ শতাংশ বা ২ হাজার ৪১৩ কোটি টাকা সরকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) হিসেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে দেবে। বাকি অর্থ বিনিয়োগ করবে নির্মাতা প্রতিষ্ঠান।

চুক্তি অনুযায়ী, নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে। যানবাহন চলাচলের পরিমাণের ভিত্তিতে সরকারও টোলের একটি অংশ পাবে। এ পর্যন্ত সরকার প্রথম ও দ্বিতীয় কিস্তি মিলিয়ে ১ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করেছে।
র্যাম্পসহ উড়ালসড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। এর মধ্যে মূল উড়ালসড়ক প্রায় ২০ কিলোমিটার এবং ওঠানামার জন্য রয়েছে প্রায় ২৭ কিলোমিটার র্যাম্প। সব মিলিয়ে র্যাম্পের সংখ্যা ৩১টি।
প্রকল্পটি তিনটি ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে কাওলা থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত ৭ দশমিক ৪৫ কিলোমিটার, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত ৫ দশমিক ৮৫ কিলোমিটার এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে কুতুবখালী পর্যন্ত ৬ দশমিক ৪৩ কিলোমিটার নির্মাণ করা হচ্ছে।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের কাজ পুরোপুরি শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের অগ্রগতি ৮৭ শতাংশ এবং তৃতীয় ধাপের কাজ শেষ হয়েছে ২২ শতাংশের বেশি।
প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়লেও ব্যয় বাড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা মো. গোলাম মর্তুজা। তার দাবি, প্রকল্পের ব্যয় আগের মতোই ৮ হাজার ৯৪০ কোটি টাকা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পেছনে জমি অধিগ্রহণ, আর্থিক সংকট ও অংশীদারদের মধ্যে বিরোধসহ নানা সমস্যা কাজ করেছে। বিশেষ করে পান্থকুঞ্জ এলাকায় নির্মাণকাজ প্রায় এক বছর বন্ধ ছিল।
সেতু বিভাগের সচিব আবদুর রউফ বলেন,, প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কিছু জায়গায় জমি অধিগ্রহণে সময় লেগেছে। তবে কমলাপুর পর্যন্ত উড়ালসড়ক চালু হলে যানবাহন চলাচল বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের কাজ শেষ করে পুরো উড়ালসড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করা। এতে নগরীর একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতের সময় কমার পাশাপাশি সড়কের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।