বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটির পররাষ্ট্রনীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সম্পর্কও ভালো নয়। প্রতিবেশীদের সঙ্গে এমন বৈরী সম্পর্ক দেশটির পররাষ্ট্রনীতির দুর্বলতাকেই তুলে ধরে।
তিনি বলেন, বাংলাদেশের পাশে অবস্থান করে দেশটির অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং ভারতের গণমাধ্যমের সেই তৎপরতাকে সমর্থন দেওয়ার বিষয়টি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে।
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে কি না এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, দেশে ফেরার বিষয়ে বাধা দেওয়ার কিছু নেই। তিনি কীভাবে ফিরতে চান, সেটি তার নিজের বিষয়। তবে বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, দেশে ফেরার ক্ষেত্রে প্রচলিত আইন ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। বিমানে কিংবা অন্য কোনো উপায়ে ফেরার বিষয়ে সরকারের বিশেষ কোনো গুরুত্ব নেই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একদিকে বিমানে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা ঘুরে দেখছেন। আওয়ামী লীগের এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। বর্তমান সরকারের সময়ে দেশে রাজনৈতিক পরিবেশে স্বাভাবিকতা ফিরে আসা এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কের উন্নতি দলটির পছন্দ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, গুম কিংবা ব্যাংক লুটের মতো ঘটনা নেই বলেও দাবি করেন তিনি। আগের সময়ের অব্যবস্থাপনা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।
সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উন্নয়নের সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এসব কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিতে একটি পক্ষ আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট হওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরার পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ রয়েছে।
তিনি বলেন, গত দেড় বছর ধরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। দুর্গাপূজার আয়োজনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে।
তথ্যমন্ত্রীর মতে, কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে সেটিকে ভারতের গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশের ঘটনাগুলো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়েও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশটির কিছু গণমাধ্যম নিজস্ব রাজনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ নিয়ে সংবাদ প্রকাশ করছে।
সবশেষে আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগ কী পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছে এবং দেশের মানুষ কীভাবে তাদের ক্ষমতাচ্যুত করেছে, তা সবার জানা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মানুষ অবগত। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পাওয়ার লক্ষ্যেই বাংলাদেশকে ঘিরে এসব প্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।