বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। অথচ চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে আলোচনার জন্য তিনি ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন।
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, চুক্তিটি স্বাক্ষরের পর থেকে ৩০ বছর কার্যকর থাকার কথা। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই কেবল এর মেয়াদ নবায়ন করা সম্ভব। ফলে আগামী ১২ ডিসেম্বরের পর চুক্তির কার্যকারিতা অব্যাহত রাখতে নতুন সমঝোতা প্রয়োজন হবে।
বাংলাদেশের অবস্থান হলো, শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়; বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সংশোধিত বা নতুন চুক্তি করা।
১৯৭৭ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল। ওই ধারা অনুযায়ী, শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলেও যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর ফারাক্কা পয়েন্টের পানিপ্রবাহ বিবেচনায় দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।
চুক্তির নির্ধারিত সূত্র অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা এর কম হলে বাংলাদেশ ও ভারত সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক। আর পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক পায় এবং অবশিষ্ট পানি বাংলাদেশকে দেওয়া হয়।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।
নতুন চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে বাংলাদেশ।
গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়। এরপর আগস্টে ভারতের অনুরোধে কারিগরি পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়। সর্বশেষ ১৭ নভেম্বর ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। তবে এখনো ভারতের পক্ষ থেকে আলোচনার নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি।
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গার পানিবণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।
এদিকে গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৬ সালের পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
তবে বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, ওই বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, নতুন চুক্তি করার বিষয়টি দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের এখতিয়ারভুক্ত।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নতুন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভাগীরথী-হুগলি নদীর নাব্যতা বজায় রাখা এবং কলকাতা বন্দর সচল রাখার বিষয়ে পশ্চিমবঙ্গের চাহিদা রয়েছে। পাশাপাশি পানীয় জল ও শিল্পকারখানার প্রয়োজনে বিহারের পানির দাবিও ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী যার পানিবণ্টনে কার্যকর চুক্তি রয়েছে। অন্যদিকে তিস্তার পানিবণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে অমীমাংসিত।
আগামী ১২ ডিসেম্বরের মধ্যে নতুন কোনো সমঝোতা না হলে আসন্ন শুষ্ক মৌসুমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি, সেচ ও মৎস্য খাতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়া এবং লবণাক্ততা বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।’
সব মিলিয়ে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের মূল লক্ষ্য এখন শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে পানিপ্রবাহের নিশ্চয়তা চুক্তির আওতায় নিয়ে আসা।