বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার জন্য গবেষণা, নীতিগত সংলাপ ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ -ছবি : সংগৃহীত
চীন, মিয়ানমার ও বাংলাদেশকে যুক্ত করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডর এগিয়ে নিতে গবেষণা, নীতিনির্ধারণী আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেছেন, প্রস্তাবিত এই করিডরকে কেবল অবকাঠামো নির্মাণের উদ্যোগ হিসেবে দেখলে চলবে না। বরং তিন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয়, বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতার একটি বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসমাইল জবিউল্লাহ বলেন, গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছেন, তা এ উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এ ধরনের আঞ্চলিক অর্থনৈতিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে করিডর বাস্তবায়নের আগে রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ জন্য তিন দেশের মধ্যে কার্যকর সংলাপ প্রয়োজন।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের সমতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে এগিয়ে চলেছে। বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এ অংশীদারত্ব বিস্তৃত হয়েছে।
রোহিঙ্গা সংকটের সমাধান ও প্রত্যাবাসনের ক্ষেত্রেও চীনের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে চীনের সঙ্গে শুধু আমদানি-রপ্তানি বাড়ানোর পরিবর্তে যৌথ উৎপাদন ও শিল্প বিনিয়োগে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে চীনা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বন্দর ও নৌপরিবহন খাতের উন্নয়ন প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ সমুদ্রবন্দরনির্ভর। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে দেশের বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার স্থাপনা হিসেবে সীমাবদ্ধ না রেখে আধুনিক অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে রূপান্তর করতে হবে।
এ ক্ষেত্রে বন্দর নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো এবং বন্দর পরিচালনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা, জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান।
তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো প্রকল্পের পাশাপাশি বাংলাদেশে আরও একটি বড় বন্দর অবকাঠামো গড়ে তোলার বিষয়টি চীন বিবেচনা করতে পারে।
বাংলাদেশে চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের বিপুল জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বাজারে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক ট্রান্সফরমার, ব্যাটারি ও শিল্পকারখানার যন্ত্রপাতি উৎপাদনে বাংলাদেশ সম্ভাবনাময় অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।
এ ছাড়া বিশেষ বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।