বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) -ছবি : সংগৃহীত
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাই-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বানের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস-অগ্নিসন্ত্রাস করছে, কীভাবে দেশকে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তা ছাড়া রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনা হয়েছে।
এনসিপি আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী ওনার জায়গা থেকে ওনার উদ্বেগের জায়গাগুলো প্রকাশ করেছেন, ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।
নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামীতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার বিষয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, যেকোনো ঐক্য, জুলাই ঐক্যের প্রশ্নে অবশ্যই আমাদের সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য রাখতে হবে। এই ঐক্যের প্রক্রিয়া যাতে সংস্কার একটা এজেন্ডা হয়, সেই আহ্বান আমরা জানিয়েছি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।