বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) শেষ হয়েছে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে তেল উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এ অচলাবস্থা তৈরি হয়। নির্ধারিত সময়ের পর আরও ৪৪ ঘণ্টা আলোচনা চললেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
রোববার তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের সমাপনী অধিবেশনে চূড়ান্ত খসড়া নিয়ে মতবিরোধ প্রকাশ্য রূপ নেয়। কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ খসড়ার বিরোধিতা করে।
সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত তৈরির প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া নেতৃত্ব দিলেও সর্বশেষ খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে নির্দিষ্ট কোনো দিকনির্দেশনা রাখা হয়নি। সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী কয়েকটি দেশ চুক্তিতে কয়লা, তেল ও গ্যাসের সরাসরি উল্লেখ রাখার বিরোধিতা করে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, পানামা, ভানুয়াতু ও বেলিজসহ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার প্রতিশ্রুতি চুক্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানায়।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারা ও’ব্রায়েন বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি। অথচ চূড়ান্ত খসড়ায় এ বিষয়ে স্পষ্ট বক্তব্য না থাকায় তাঁরা প্রস্তাবটি সমর্থন করতে পারেননি।
সম্মেলনস্থলের বাইরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে তিনি তেল উৎপাদনকারী কয়েকটি দেশের বিরুদ্ধে সম্মেলনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার অভিযোগ করেন। তাঁর ভাষায়, সম্মেলনটি কার্যত ‘ছিনতাই’ হয়ে গেছে।
জীবাশ্ম জ্বালানির ব্যবসায়িক স্বার্থ রক্ষায় মানুষের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার।
সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির স্বার্থে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপস করা সম্ভব নয়। মানুষের নিরাপত্তা ও আগামী প্রজন্মের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করে এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাধারণত সব দেশের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রায় ২০০টি অংশগ্রহণকারী দেশের যেকোনো একটির আপত্তিতেও চুক্তি গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম জানান, চূড়ান্ত প্রস্তাব নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তাই সম্মেলন থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায়নি।
সম্মেলনের সর্বশেষ খসড়ায় ২০২৩ সালের জলবায়ু চুক্তির প্রসঙ্গ রাখা হয়েছে। ওই চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসার অঙ্গীকার ছিল। কিন্তু কপ৩১-এর নতুন প্রস্তাবে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো বা বন্ধের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি।
বরং কার্বন ক্যাপচার প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও অন্যান্য উৎস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণের চেষ্টা করা হয়। তবে প্রযুক্তিটির ব্যয় ও কার্যকারিতা নিয়ে পরিবেশবিদদের মধ্যে সংশয় রয়েছে। তাদের আশঙ্কা, এর ব্যবহার জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত রাখার অজুহাত হয়ে উঠতে পারে।
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নের বিষয়টিও সম্মেলনে বড় বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। উন্নয়নশীল দেশগুলোর জোট আফ্রিকা গ্রুপ জলবায়ু অভিযোজন খাতে আরও অর্থ বরাদ্দের নিশ্চয়তা দাবি করে।
খসড়ার আগের সংস্করণে ২০৩৫ সালের মধ্যে জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব ছিল। কিন্তু সর্বশেষ খসড়া থেকে নির্দিষ্ট অর্থের পরিমাণটি বাদ দেওয়া হয়।
এদিকে একটি প্রস্তাবে বলা হয়, সৌদি আরবসহ তেলসমৃদ্ধ দেশগুলো ২০৩৫ সালের মধ্যে তাদের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের প্রতিশ্রুতি দিলে চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ রাখা হতে পারে। তবে এতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নসংক্রান্ত উদ্বেগের সমাধান হয়নি।
আফ্রিকা গ্রুপের আলোচক দলের প্রধান ও ঘানার পরিবেশমন্ত্রী জানেটর আগিয়েমান রলিংস বলেন, উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করতেই তাঁরা সম্মেলনে এসেছেন। তাঁদের উদ্দেশ্য সাহায্য চাওয়া নয় বরং ন্যায্য পাওনা আদায়।

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করে দেশটির জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধান বিবেচনায় রাখা উচিত। প্রতিটি দেশ নিজস্ব বাস্তবতা ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদ্ধতি বেছে নিতে পারবে।
তবে পরিবেশবাদী সংগঠন ৩৫০ ডট অর্গের প্রতিনিধি সারা শ চূড়ান্ত খসড়ার সমালোচনা করে বলেন, এটি জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর পরিকল্পনা নয় বরং দূষণ অব্যাহত রাখার সুযোগ তৈরি করে দেওয়ার মতো একটি প্রস্তাব।
পাওয়ারশিফট আফ্রিকার প্রতিনিধি মোহামেদ আদোও সম্মেলনের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি এবারের কপ৩১-কে এখন পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে খারাপ জলবায়ু সম্মেলন বলে মন্তব্য করেন।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, জলবায়ু অভিযোজনের অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা নিয়ে সম্মেলনে অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতপার্থক্য দূর না হওয়ায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয় কপ৩১।