বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী -ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কারও নেই। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ। দলটি তাদের রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক অবস্থান হারিয়েছে। বর্তমানে দেশের অন্য কোথাও তাদের কার্যক্রম দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের আট মাসের কর্মকাণ্ড তুলে ধরে পার্থ বলেন, এই সময়ে দেশে ব্যাংক লুটপাট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। সরকারের ইতিবাচক কর্মকাণ্ড থেকে মানুষের মনোযোগ সরিয়ে নিতে আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। আন্দোলনের নামে সহিংসতা চালিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা কোনো গ্রহণযোগ্য রাজনৈতিক কৌশল হতে পারে না।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দলটি দেশের অর্থনীতি ও ভবিষ্যতের যে ক্ষতি করেছে, তার পুরো চিত্র এখনো মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। ব্যাংকিং খাতের আর্থিক হিসাব পর্যন্ত লুট করা হয়েছে। পাশাপাশি উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার চুক্তির বোঝাও রেখে গেছে আগের সরকার। এসব সংকটের জন্য বর্তমান সরকার দায়ী না হলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের যে ক্ষতি করেছে আওয়ামী লীগ বিগত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে তিনি মনে করেন।
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধনির্ভর উল্লেখ করে পার্থ বলেন, ফ্যাসিবাদী শক্তি আবার ক্ষমতায় ফিরলে জুলাই আন্দোলনের পক্ষে থাকা ব্যক্তিদের ওপর প্রতিশোধ নেওয়ার আশঙ্কা রয়েছে।
সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সরকার কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়াবে না।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো অনলাইন পোর্টালের মাধ্যমে নিষিদ্ধ ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রচার ও প্রসার আইনত নিষিদ্ধ উল্লেখ করে তিনি এ বিষয়ে গণমাধ্যম সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের প্রতিনিধিরা দেশের অনলাইন গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় অনুমোদনহীন নিউজ পোর্টাল বন্ধ, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা, নবায়ন ফি বাতিল এবং পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।
এসব দাবির বিষয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নিবন্ধন ও ক্রোড়পত্রসংক্রান্ত দাবিগুলো যৌক্তিক। বিষয়গুলো পর্যালোচনায় মন্ত্রণালয় একটি কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাসও দেন তিনি।