বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান -ছবি : সংগৃহীত
ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, ব্যাংক খাতের অনিয়ম ও দুর্বলতার আর্থিক বোঝা শুধু বর্তমান প্রজন্ম নয়, পরবর্তী প্রজন্মকেও বহন করতে হবে।
গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন গভর্নর।
তিনি বলেন, ব্যাংক খাতের অনিয়ম ও দুর্বলতার কারণে ভবিষ্যৎ প্রজন্মকেও এর মূল্য দিতে হবে। তারা চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু তাদের আয়ের একটি অংশ ব্যাংক খাতের ক্ষতি সামাল দিতে ব্যয় হবে।
গভর্নর জানান, দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া প্রায় সব সামষ্টিক অর্থনৈতিক সূচকই নেতিবাচক অবস্থায় ছিল। এখনো বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানসহ বেশ কিছু সূচকে দুর্বলতা রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের সংকট। ব্যাংক খাতের মোট অর্থের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গেছে বলে যে আলোচনা রয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।
ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের জন্য সরকারকে প্রতিবছর অন্তত ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ করেছেন জানিয়ে তিনি বলেন, পাঁচ থেকে আট বছর পর্যন্ত এ অর্থের প্রয়োজন হতে পারে। তবে বর্তমান প্রজন্মের অনিয়ম ও ব্যর্থতার আর্থিক বোঝা ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়া দুর্ভাগ্যজনক।
উচ্চ মূল্যস্ফীতির কারণে সুদের হার কমানোর সুযোগ সীমিত বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় সুদের হার ও মূল্যস্ফীতি দুটোই অনেক বেশি ছিল। ইতিমধ্যে নীতি সুদহার কিছুটা কমানো হয়েছে। সামনের দিনগুলোতে আরও কমানোর চেষ্টা থাকবে।
মূল্যস্ফীতিতে ডলারের বিনিময় হারের প্রভাব তুলে ধরে তিনি বলেন, গত কয়েক বছরে টাকার প্রায় ৬০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ৬ শতাংশ। বাংলাদেশ আমদানিনির্ভর হওয়ায় শুধু আমদানি করা পণ্য নয়, দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের কাঁচামাল ও উপকরণের দামও ডলারের বিনিময় হারের সঙ্গে সম্পর্কিত। ফলে ডলারের দাম বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ের পণ্যমূল্যে পড়ে।
গভর্নর ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমদানিকারকদের কাছে ডলার বিক্রির ক্ষেত্রে মুনাফা যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। ডলারের দামে ৫০ পয়সা কমানো সম্ভব হলেও তার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে। কারণ আমদানিকারকের অতিরিক্ত ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই বহন করতে হয়।
ব্যাংকঋণ বিতরণে বড় করপোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং খুচরা খাতে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনার কথা জানান গভর্নর।
তিনি বলেন, গত ১০ বছরে ব্যাংকঋণ অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছে। ঋণের বড় অংশই চলে গেছে বড় করপোরেট প্রতিষ্ঠানের কাছে। অথচ বাণিজ্যিক ব্যাংকগুলো শুধু করপোরেট ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি।
আগামী বছরের জন্য ঋণ বিতরণের একটি কাঠামো নির্ধারণের চিন্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে মোট ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা খাতে, ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে এবং বাকি ৪৫ শতাংশ করপোরেট খাতে দেওয়ার লক্ষ্য থাকতে পারে। বড় শিল্পপ্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
গভর্নরের মতে, কৃষি ও এসএমই খাতে ঋণ বাড়লে কর্মসংস্থান এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা তৈরি হবে। পাশাপাশি বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রি ও ব্যবসা টিকিয়ে রাখাও সহজ হবে।
ঋণ বিতরণে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো কোনো শিল্প খাতে বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। একটি খাতের উদাহরণ দিয়ে তিনি জানান, সেখানে দেশের মোট চাহিদা ৫০ লাখ টন হলেও উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ টনে। অর্থাৎ চাহিদার আড়াই গুণ সক্ষমতা তৈরি হয়েছে। এ ধরনের অতিরিক্ত সক্ষমতায় অর্থায়ন করা হলে ঋণের অর্থ ফেরত পাওয়া কঠিন হতে পারে।
কৃষি ও এসএমই খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়ানোর আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এমএফআই) মাধ্যমে প্রায় আড়াই লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণ হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ঋণের সুদহার প্রায় ২৪ শতাংশ। অথচ ব্যাংকগুলো এ খাতে প্রয়োজনীয় ঋণ দিতে পারছে না।
এর অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, ব্যাংকগুলো এ ধরনের গ্রাহকের উপযোগী ঋণপণ্য তৈরি করেনি। গ্রামাঞ্চলে ঋণের ব্যাপক চাহিদা রয়েছে। ব্যাংকগুলোকে কৃষি ও এসএমই খাতের জন্য উপযোগী ঋণপণ্য তৈরি করতে হবে। এতে ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
বড় ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংকটের দুটি কারণ তুলে ধরেন গভর্নর। এর একটি কার্যকরী মূলধনের ঘাটতি অন্যটি মানুষের সামগ্রিক ক্রয়ক্ষমতা কমে যাওয়া।
তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের পণ্য বিক্রি বাড়াতে হলে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো জরুরি। এ কারণে দায়িত্ব নেওয়ার পর কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রবাসী আয় আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনতে হুন্ডির বাজারের চাহিদা কমানোর ওপর গুরুত্ব দেন গভর্নর। তাঁর মতে, শুধু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা দিয়ে হুন্ডি বন্ধ করা সম্ভব নয়। বরং বৈধ যেসব লেনদেনের জন্য মানুষকে বিদেশে অর্থ পাঠাতে হয়, সেগুলোর প্রক্রিয়া সহজ করতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্সের খরচ, ই-কমার্স ও ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে এসব ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে অর্থ পাঠানোর সুযোগ না থাকায় অনেকেই বিকল্প পথে অর্থ পরিশোধ করতেন। এখন বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব ব্যবহারে বিধিনিষেধ আরোপের কারণ ব্যাখ্যা করে গভর্নর বলেন, এ হিসাবের মাধ্যমে মূলত বিদেশে স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের টিউশন ফি পাঠানো হতো। আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে টিউশন ফি পাঠানোর সুযোগ সীমিত ছিল। এখন স্কুল ও কলেজ পর্যায়ের টিউশন ফি পাঠানোর সুযোগ সহজ করা হয়েছে।
তবে আরএফসিডি হিসাবে ডলার জমার ক্ষেত্রে অপব্যবহার দেখা গেছে। বাজার থেকে ডলার কিনে তা এ হিসাবে জমা করার প্রবণতা তৈরি হয়েছিল। এতে বাজারে ডলারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। বিদেশ থেকে নগদ ডলার দেশে এনে ব্যাংকে জমা দেওয়ার পরিবর্তে বাজার থেকে ডলার কিনে জমা দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করতেই বিধিনিষেধ আনা হয়েছে বলে জানান তিনি।
শিল্প ও ব্যবসা খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন কর্মসূচির অর্থ ছাড়ে ধীরগতির অভিযোগের বিষয়ে গভর্নর বলেন, এসব কর্মসূচিতে সমস্যা কোথায়, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নেওয়া একটি কর্মসূচিতে ৩ হাজার কোটি টাকার অর্থ এখনো বিতরণ হয়নি।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক এখন প্রতি সপ্তাহে এসব কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পডকাস্টের মাধ্যমেও উদ্যোক্তাদের এসব সুবিধার বিষয়ে জানানো হচ্ছে। কোনো আবেদন বা অর্থ ছাড়ের প্রক্রিয়া আটকে থাকলে বাংলাদেশ ব্যাংককে জানানোর আহ্বান জানান তিনি।
গভর্নর বলেন, সম্প্রতি ওষুধশিল্প মালিকদের সঙ্গে বৈঠকে তাদের দুটি সমস্যা তিন থেকে চার মাস ধরে আটকে থাকার বিষয়টি উঠে আসে। বিষয়টি জানানোর এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সেবার মান বাড়াতে পরিচালক পর্যায়েও নিয়মিত পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকও এর বাইরে নয়। কেউ সমস্যা তুলে ধরলে তা পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা সহজীকরণ এবং বৈদেশিক লেনদেনের জটিলতা কমানোর উদ্যোগের কথা জানান গভর্নর। তিনি বলেন, দেশে মোবাইল ফোন উৎপাদন খাতে ইতিমধ্যে প্রায় ১৭টি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন তৈরি হচ্ছে। এ ধরনের উৎপাদনমুখী শিল্পের বিকাশে সরকার কাজ করছে।
বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের সংকট নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিস্থিতিতে জ্বালানির উৎস বহুমুখী করা এবং বিকল্প জ্বালানির দিকে যাওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
গভর্নরের মতে, দেশের অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকঋণের কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। বড় প্রতিষ্ঠানে ঋণ কেন্দ্রীভূত না রেখে কৃষি, এসএমই ও খুচরা খাতে অর্থায়ন বাড়াতে পারলে অর্থনীতির ভিত্তি আরও বিস্তৃত হবে।