বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী -ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে কোনো কর্মকর্তা জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায়। এর দায় বাহিনী বহন করবে না।
রোববার (১৫ নভেম্বর) সকালে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিএমপি কমিশনার বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন সেটি তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। পুলিশ বাহিনী কখনো তার দায় নেবে না।
এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার বিষয়ে কমিশনার জানান, গত শনিবার একটি মামলার এজাহার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে আসে এবং তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এ ইউনিট করবে। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় মানসিক চাপ তৈরি হয় কি না এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার বিষয় নয়। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে যিনি জড়িত হন, সেটি তার একান্ত ব্যক্তিগত দায়।
তিনি আরও বলেন, বার্তাটি স্পষ্ট যে-ই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।
ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।