বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সংস্থাটির বর্তমান প্রশাসক ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে অংশ নিলে জনগণের সমর্থন পাবেন।
রোববার (১৫ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নির্বাচনী প্রস্তুতি ও দলীয় মনোনয়ন নিয়ে কথা বলেন আবদুস সালাম। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে জনগণের কাছে যাচ্ছেন। জনগণ তাকে উপযুক্ত প্রার্থী মনে করলে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদী তিনি।
আবদুস সালাম বলেন, ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও মনোনীত চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। এসব অভিজ্ঞতা তাকে নগর পরিচালনায় এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, মূলত সিটি করপোরেশন নির্বাচন করার পরিকল্পনা থেকেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এবং দলের কাছে মনোনয়নও চাননি। দলীয় মনোনয়নের বিষয়ে সরাসরি কিছু না বললেও জানান, তিনি দলের চিন্তাভাবনার বাইরে নন।
সাক্ষাৎকারে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, গত বছরের তুলনায় এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। দায়িত্ব নেওয়ার পর দুই দফা জরিপ চালিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষ সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

রাজধানীর হকার সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন আবদুস সালাম। তিনি জানান, হকারদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান সড়কে হকার বসতে দেওয়া হবে না। তবে প্রশস্ত ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা নিশ্চিত করে সীমিত পরিসরে বসার সুযোগ দেওয়া হতে পারে।
এ ছাড়া মতিঝিল বাণিজ্যিক এলাকায় নৈশকালীন মার্কেট এবং বিভিন্ন এলাকায় শুক্র ও শনিবার হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। নিবন্ধিত হকার ছাড়া অন্য কাউকে বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা সমাধানে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। নীতিমালা প্রণয়নের কাজ চলছে। রিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধের বিষয়েও সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সংঘাতের পরিবর্তে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তারা।
ঢাকার নাগরিক সেবা উন্নত করতে সব সরকারি সংস্থাকে এক ছাতার নিচে এনে নগর সরকার গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তার মতে, রাজধানীতে মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি।
রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আন্দোলনের নামে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয় যাতে গণতান্ত্রিক ব্যবস্থা আবারও বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তন হওয়া উচিত। সরকার ব্যর্থ হলে জনগণ পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এ জন্য বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে আবদুস সালাম জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলা ও ইউনিটে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। দলকে গতিশীল রাখতে গঠনতন্ত্র অনুযায়ী যথাসময়ে জাতীয় কাউন্সিলও আয়োজন করা হবে।
ঢাকা নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, রাজধানীর ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাহিত্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান। ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, আমি বদলালে ঢাকা বদলাবে। আসুন, ঢাকাকে ভালোবাসি।