বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো এবং চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তার পরিধি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং।
সাক্ষাৎকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা তৈরি, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদানের মান এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা প্রয়োজন।
তিনি জানান, এ কারণে সরকার শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পিইডিপি-৫ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট, বাস্তবসম্মত এবং ফলাফলভিত্তিক করতে এটিকে কয়েকটি পৃথক প্রকল্পে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ছয়টি প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এভাবে প্রকল্পগুলো আলাদা করা হলে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল আরও স্পষ্টভাবে নির্ধারণ করা যাবে বলে জানান তিনি। একই সঙ্গে বিদ্যমান উন্নয়ন সহযোগিতার আওতায় নেওয়া কার্যক্রম ও প্রতিশ্রুত সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার সুযোগের আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে এ খাতে বড় পরিসরের প্রকল্প নেওয়ার সুযোগ রয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরেন তিনি।
ঝাং কিংফেং বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের মান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর সরাসরি উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রাথমিক শিক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তা সম্প্রসারণের আগ্রহ জানান।
সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া এবং এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ, প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।