বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
হাম থেকে সুস্থ হয়ে উঠলেও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কাটছে না। ভাইরাসের সংক্রমণে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ায় পরবর্তী সময়ে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হচ্ছে তারা। সরকারি তিন হাসপাতালের পরিসংখ্যান বলছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় ৭৪ শতাংশের শরীরে নিউমোনিয়া শনাক্ত হয়েছে। অনেক শিশুর ক্ষেত্রে ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দেওয়ায় প্রয়োজন হচ্ছে অক্সিজেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিবিড় পরিচর্যার।
ঢাকা ও চট্টগ্রামের তিনটি সরকারি হাসপাতালে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৩৪ হাজার ৯৩৪ শিশু। তাদের মধ্যে ২৫ হাজার ৬৯১ জনের নিউমোনিয়া শনাক্ত হয়েছে। অর্থাৎ চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় চার ভাগের তিন ভাগই এ জটিলতায় আক্রান্ত।
হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, মহাখালীর কভিড-১৯ হাসপাতালে ভর্তি ২২ হাজার ৭৯০ শিশুর মধ্যে ১৮ হাজার ২৩২ জনের নিউমোনিয়া ছিল। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি ৩ হাজার ৫৯১ শিশুর মধ্যে ২ হাজার ২৯৩ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৮ হাজার ৫৫৩ শিশুর মধ্যে ৫ হাজার ১৬৬ জনের নিউমোনিয়া শনাক্ত হয়েছে।
এদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
গত বছরের ১৫ মার্চ থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭। নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭২৩। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে এ সংখ্যা ১৬৬।
এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার দেশে পালিত হচ্ছে নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগের সূচনা’।
গত মঙ্গলবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিউমোনিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ বেড়েছে। হামের সংক্রমণ থেকে সেরে ওঠার পর নতুন করে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অনেক শিশুকে আবার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। কারও কারও দীর্ঘ সময় ধরে চিকিৎসার প্রয়োজন হচ্ছে।
চিকিৎসকদের তথ্যমতে, স্বাভাবিক সময়ে হাসপাতালটির নিউমোনিয়া ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন শিশু ভর্তি থাকত। কিন্তু হামের প্রাদুর্ভাবের পর হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ২৫ থেকে ৩০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৬ শিশু।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ২ হাজার ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে আরও ৪২ শিশু।
হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, অপুষ্টি, টিকাদানে ঘাটতি, বায়ুদূষণ এবং অতিরিক্ত জনসমাগমপূর্ণ এলাকায় শিশুদের যাতায়াত নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। চলতি বছর হাসপাতালে সাধারণ নিউমোনিয়ার পাশাপাশি হাম-পরবর্তী জটিলতায় আক্রান্ত অনেক শিশুর চিকিৎসা দিতে হচ্ছে।
প্রতিষ্ঠানটির অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম জানান, আগে নিউমোনিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও এ বছর হামের প্রকোপের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। হামের অন্যতম প্রধান জটিলতা নিউমোনিয়া। সংক্রমণের কারণে অনেক শিশুর ফুসফুসে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে শতাধিক রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত।
চট্টগ্রামেও একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন অভিভাবকরা। নগরের ফতেয়াবাদ এলাকার বাসিন্দা শিমলা ইসলাম জানান, তার ১৪ মাস বয়সী মেয়ে মাইসুনের প্রথমে তীব্র জ্বর দেখা দেয়। চার দিন পর শরীরে লাল ফুসকুড়ি ওঠে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাম শনাক্ত হয়। এরই মধ্যে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে পরীক্ষায় জটিল নিউমোনিয়া ধরা পড়ে।
অন্যদিকে নগরের কাট্টলী এলাকার বাসিন্দা রোখসারুল ইসলামের ১১ মাস বয়সী ছেলে আকিব এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন। হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ার জটিলতা থাকায় শিশুটির সুস্থ হতে সময় লাগছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া বলেন, হাম আক্রান্ত হলে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। পাশাপাশি শরীরের মিউকোসাল আবরণ ক্ষতিগ্রস্ত হয়। ফলে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
তিনি জানান, বর্তমানে হাম আক্রান্ত অনেক শিশুর মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। কিছু শিশুর ক্ষেত্রে এনসেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতাও হচ্ছে। এসব সমস্যা শিশুদের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন করে তুলছে।
বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। আইসিডিডিআরবির ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু এ রোগে মারা যায়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, হাম আক্রান্ত ৭০ থেকে ৮০ শতাংশ শিশুর নিউমোনিয়া শনাক্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
তবে শিশুদের টিকাদানে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখনো অনেক শিশু হামের টিকা থেকে বঞ্চিত থাকায় সংক্রমণের পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে তারা।