বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে তিন কোটি এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে থাকলেও অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। টানা দুই দিন কাজ করতে না পারলে তাঁদের অনেকেই আবার দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও এমন পরিস্থিতির চিত্র উঠে এসেছে।
তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সমানতালে এগোয়নি। এর অন্যতম কারণ সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় যথাযথভাবে সম্পৃক্ত করা সম্ভব হয়নি।
দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে সিপিডির এই ফেলো বলেন, এখনো প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার আরও বেশি; প্রতি তিনজনের একজন কর্মহীন। অন্যদিকে দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে উন্নীত হওয়া ইতিবাচক অর্জন হলেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার তুলনামূলক বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও রয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরাঞ্চলের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় অঞ্চলের মানুষসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তায় পিছিয়ে রয়েছেন। দেশের সামগ্রিক উন্নয়ন হলেও এর সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হন। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার ও মর্যাদা পান না।
সমাজের অগ্রসর শ্রেণি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার না হলে একসময় তাদের নিজেদের অর্জনও হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। এর ফলে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব শুধু নাগরিক সমাজ কিংবা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে। যেসব মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় জনপ্রতিনিধিদের সরাসরি দায়িত্ব পালন করা প্রয়োজন।