বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান -ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর প্রশাসনিক দায়িত্বে পরিবর্তনের মুখে পড়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।
বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্লোগানটিকে হাদিস হিসেবে উল্লেখ করলে অনেকে হয়তো ভাবতে পারেন, তিনি পরবর্তী পদায়নের আশায় এমন মন্তব্য করছেন। তবে তিনি বলেন, এটি একটি শাশ্বত বাণী।
এ সময় তিনি আরও বলেন, যাদের মধ্যে দেশপ্রেম নেই তারা এ বক্তব্য অস্বীকার করতে পারেন। ধর্মীয় ব্যক্তিরা একই স্লোগান দিলে এতদিনে সেটি হাদিস হিসেবে স্বীকৃতি পেত বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীর দাড়ি ও টুপি না থাকার প্রসঙ্গও তুলে আনেন এই কর্মকর্তা। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় হাদিসের সঙ্গে তুলনা করার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অন্যদিকে মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার পাশাপাশি ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।