বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আনসার ও ভিডিপির লোগো । ছবি : সংগৃহীত
দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে তার পরিবারের ব্যাংকঋণের ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা পরিশোধের জন্য স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মণিষা বিশ্বাসের হাতে ঋণ পরিশোধের চেক হস্তান্তর করেন। এ সময় বাহিনীর পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বছরের ১২ মার্চ সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে যান। মৃত্যুর সময় বড় সন্তানের বয়স ছিল তিন বছর এবং ছোটটির মাত্র সাত মাস।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে পড়েন স্ত্রী মণিষা। এর মধ্যে তার পরিবারের ওপর চাপ হয়ে দাঁড়ায় ব্যাংকঋণ। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে জয় গাইন ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ সেই ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা।
মণিষা বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধের উদ্যোগ নেন। এতে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে আর্থিক সংকটে থাকা পরিবারটি ব্যাংকের ঋণের দায় থেকে মুক্তি পেল।
বাহিনীর এ উদ্যোগকে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সদস্যের পরিবারের প্রতি মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কর্মক্ষেত্রে সহযোদ্ধাকে হারানোর পরও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ শোকাহত পরিবারটির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।