বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরাই নেতা বনে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, দেশে ভালো মানুষদের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই এবং সংসদে রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশও গড়ে তোলা যায়নি। তবে আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি আর থাকবে না এবং একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশি সম্পদের তথ্য তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, যুক্তরাজ্যে তার ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান সুনির্দিষ্ট করে চিঠি পাঠানোর পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সাইফুজ্জামান চৌধুরীর দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে, যার সবই দেশের সাধারণ মানুষের অর্থ লুট করে কেনা হয়েছে।
টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধভাবে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন অভিযোগ করে স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডে প্রচুর সম্পদ রয়েছে। কানাডার বেগমপাড়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।