বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম -ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের বিতর্ক বা কলঙ্কের দায় নিতে চায় না। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ আয়োজনের বিষয়েও তিনি কথা বলেন। এ সময় গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রস্তাব চাওয়া হয়েছে বলে জানান তিনি।
চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে সরকার এখনো অনড় রয়েছে বলে জানান মীর শাহে আলম। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। অতিরিক্ত তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম শেষ করার বিষয়েও কমিশনকে অনুরোধ করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো আয়োজন করা সম্ভব না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যেতে পারে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কি না সে বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে বলে উল্লেখ করেন তিনি। সরকার নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামী ২১ জানুয়ারি। দেশের প্রায় চার হাজার ৩০০টি নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ২৭ মের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৩তম সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সরকার ও প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।