বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী হান্নান শাহর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী - ছবি : সংগৃহীত
রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা রাতারাতি বিত্তশালী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সহনশীলতা বজায় রাখা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের উদ্দেশ্য ব্যক্তিগতভাবে সম্পদশালী হওয়া নয়। দলের কোনো নেতাকর্মী যাতে মানুষের জমি দখল, লুটপাট কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ পরিহার করে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা বিএনপির অন্যতম লক্ষ্য। কে কোন পদে আছেন, তার চেয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ। সরকারের ভাবমূর্তি রক্ষা এবং জনগণের কল্যাণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, দলের দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধতাও বজায় রাখতে হবে। মানুষের আস্থা অর্জন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে পাহারা ও নজরদারির ব্যবস্থা করতে হবে যাতে কোনো পক্ষ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ডিজেলের ঘাটতি কৃষি উৎপাদনের ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডালসহ বিভিন্ন ফসল উৎপাদনে জ্বালানির প্রয়োজনীয়তা রয়েছে।
জ্বালানি সংকটের প্রভাবে রান্নার চুলা জ্বালানো থেকে শুরু করে কলকারখানা সচল রাখাও একপর্যায়ে কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংকট কাটিয়ে উঠতে সরকারের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।
দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার এবং নাশকতা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।