বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, দিল্লিতে বসে একজন ব্যক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পৃক্ত থাকবে বাংলাদেশ। তার মতে, দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা।
তিনি বলেন, ভারতে অবস্থানরত আরও কিছু অপরাধীর বিষয়ও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করছে। বাংলাদেশ এ বিষয়ে সংযম দেখাচ্ছে এবং ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চ্যালেঞ্জগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে কর্মকর্তা পর্যায়ে নিয়মিত আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের পরিবেশ তৈরির বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আলাপ-আলোচনা ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমেই প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। শীর্ষ পর্যায়ের সংলাপ সফরের সময় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগে কর্মকর্তা পর্যায়ের আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক ও কার্যকর পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশাবাদী, এটা হবে। তবে নভেম্বরেই সফর হবে কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি তিনি। বরং জানান, নভেম্বরে প্রধানমন্ত্রী তুরস্কে জলবায়ু সম্মেলনে যেতে পারেন।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সংযম ও পারস্পরিক সহযোগিতাকে স্বাভাবিক চর্চা হিসেবে দেখতে চান জানিয়ে হুমায়ুন কবির বলেন, এমন একটি কর্মসম্পর্ক প্রতিষ্ঠিত হলে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জাতীয় স্বার্থের সঙ্গে আপস না করে বাংলাদেশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ইতিবাচকভাবে এগিয়ে যেতে চায়।