বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে তিনি উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী আয়োজনে যোগ দেন।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের জন্য দেওয়া প্রাতরাশ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প, জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট, নারী ও যুবসমাজের ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় আসার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর শেষ হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।
প্রধানমন্ত্রীর এবারের সফরকে সংক্ষিপ্ত সফর হিসেবে উল্লেখ করে তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কে অবস্থানকালে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।
সফরের বহর সম্পর্কে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী সনাতনী ধারা সম্পূর্ণ ভেঙে দিয়ে খুব সংক্ষিপ্ত এই সফরে ছোট একটি বহর নিয়ে এসেছেন। আনুষ্ঠানিকভাবে এখানে মাত্র ৩৫ জন রয়েছেন। এর পাশাপাশি শুধু অত্যাবশ্যকীয় গণমাধ্যম, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এসেছেন।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে বলেও জানান তিনি।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা কোনো বৈঠকের সুযোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া। তাই আলাদাভাবে এ ধরনের দ্বিপাক্ষিক আলোচনার তেমন সুযোগ হবে না।
ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান।