বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণের সব ধরনের ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন বিপুল সংখ্যক ভিসা ইস্যু করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে।
রোববার রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে উপহাইকমিশনার এ তথ্য জানান। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ভারতের উপহাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধাগুলো দ্রুত নিরসন এবং দুই দেশের স্থলবন্দর ও বাণিজ্যিক যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর তাগিদ দেন।
বাণিজ্যিক বাধা দূরীকরণে দুই দেশের মধ্যে একটি যৌথ ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পবনকুমার বাধে। তিনি জানান, প্রস্তাবিত এই টাস্কফোর্স দ্রুত কার্যকর করতে তাঁর দপ্তর উভয় দেশের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতকে যৌথ অংশীদারিত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক ভারতীয় দূতের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে যৌথ বিটুবি টাস্কফোর্স একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। তিনি উদীয়মান ও সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে যৌথ অংশীদারিত্ব ও বিনিয়োগ এগিয়ে নিতে উভয় দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান জানান।