বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মতের অমিল বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা একটি কার্যকর গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার সহজাত ও স্বাভাবিক বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি ভাষণে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার উল্লেখ করেন, সংসদে উন্মুক্তভাবে ভিন্নমত তুলে ধরার পাশাপাশি প্রতিটি সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, পারস্পরিক সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সামগ্রিক গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে। জাতীয় স্বার্থকে সবার উপরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদ নেতা ইতিমধ্যে জনপরিসরে ও সংসদে অশালীন শব্দ বা কটূক্তি পরিহারের তাগিদ দিয়েছেন। আগামী অধিবেশনগুলোতেও সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য রক্ষা করে আচরণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন মোট ৯টি কার্যদিবস পরিচালনার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সমাপ্ত ঘোষণা করা হয়। সমাপনী কার্যদিবসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাঁদের সমাপনী বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপ্তিসংক্রান্ত আদেশ পড়ে শোনানোর মাধ্যমে স্পিকার অধিবেশনের ইতি টানেন।
নয় দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আইন প্রণয়ন ও সংসদীয় কাঠামোগত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। অধিবেশন চলাকালে উত্থাপিত ৬টি সরকারি বিলের সবকটিই সংসদে কণ্ঠভোটে পাস হয়। এছাড়া ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন সম্পন্ন করা হয়।
কার্যপ্রণালী-বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক অংশগ্রহণ দেখান। এর মধ্যে ৬৮ বিধিতে জমা পড়া ৭টি নোটিশের মধ্যে ২টি গ্রহণ করে আলোচনা করা হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয়ে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৭১-ক বিধিতে সংক্ষিপ্ত দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ গৃহীত হয়। ১৪৭ বিধিতে জমা হওয়া দুটি নোটিশের একটি নিয়ে সংসদে আলোচনা হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য জমা হওয়া ১৪৪টি প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দেন সরকারপ্রধান। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর সংশ্লিষ্ট মন্ত্রীরা প্রদান করেন।