বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পিকেট ও টহল পার্টির পাশাপাশি সিসিটিভি নজরদারি, ফুট পেট্রোল, ডিবি টিম, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জন্মাষ্টমীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নামাজ ও আজানের সময় লাউডস্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানস্থলে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের নির্ধারিত পোশাক পরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ব্যাগ, পোটলা বা এ ধরনের সামগ্রী নিয়ে রথযাত্রা বা শোভাযাত্রায় অংশ না নেওয়ার জন্য বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
পাশাপাশি বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকার মাধ্যমে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আয়োজক ও সংশ্লিষ্টদের সচেতন থাকতে বলা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও অনুষ্ঠানকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পিকেট ও টহল দলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল এবং ডিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, লাইনিং ফোর্স, সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত থাকবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশও বিশেষ দায়িত্ব পালন করবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। উৎসবটি শান্তিপূর্ণ, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি জানান, ডিএমপির প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটির সঙ্গে আলাদাভাবে সমন্বয় সভা করবেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।
শফিকুল ইসলাম সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের নির্ধারিত পোশাক পরা এবং বৈদ্যুতিক নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন বাংলাদেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।