বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের দরবার হলে আজ বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে কথা বলেন -ছবি: পিআইডি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ফলে বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে কারও প্রতি ব্যক্তিগত রাগ বা অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর প্রধান বিবেচনা।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের মানুষ ও রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক। তাই বঙ্গভবনের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার বিষয়েও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন তিনি। বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যথাযথ গোপনীয়তার সঙ্গে পরিচালনার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
এ ছাড়া সরকারি অর্থ ও সম্পদের ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।
কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি দেশের সাবেক রাষ্ট্রপতিদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।