বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান- ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ১৭ কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি ঈদে শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করতে সমবেত হন। সামনে এই ঐতিহাসিক মাঠে ২০০তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে মাঠটির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে ১৭ কোটি টাকার সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে ইতোমধ্যে জেলা প্রশাসকের অনুকূলে সরকারি তহবিল থেকে প্রথম কিস্তির ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ ও সংস্কারকাজ শুরু করে মাঠটির দৃশ্যমান উন্নয়ন সম্পন্ন করা হবে।
তারেক রহমান বলেন, শোলাকিয়া ঈদগাহ ময়দানকে এমনভাবে আধুনিক ও সুসজ্জিত করা হবে যাতে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা স্বস্তিদায়ক ও মনোরম পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন।

উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক শোলাকিয়া ময়দানকে সবুজায়নের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক নিমগাছ রোপণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গাছগুলো বড় হয়ে ছায়াঘেরা পরিবেশ তৈরি করলে ঈদের সময় মুসল্লিরা যেমন উপকৃত হবেন, তেমনি বছরের অন্যান্য সময় স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং এলাকাবাসীর হাঁটাহাঁটির জন্যও একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। নিমগাছের ঔষধি গুণও মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হবে বলে উল্লেখ করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে সরাসরি অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।
প্রাকৃতিক পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী সবাইকে পরিবেশবান্ধব উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ ময়দানে উপস্থিত হন।