বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’-এর ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। এর মধ্যে ফাইনাল ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা সঠিকভাবে অনুমান করেছিলেন ৯৬ জন। তাদের মধ্য থেকে স্বচ্ছ ও ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জন সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়।
এর আগে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে অনুসারীদের ম্যাচের ফলাফল ও গোলসংখ্যা অনুমান করে মন্তব্য করার আহ্বান জানানো হয়। দেশ-বিদেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে এ ধরনের অংশগ্রহণমূলক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ১০টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি স্মার্টফোন। এছাড়া রয়েছে স্মার্ট টিভি, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার, স্মার্টওয়াচ, ব্লেন্ডার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ মাইক্রোফোন, এয়ারপডস এবং নেকব্যান্ড।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী। এছাড়া বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়া সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।