বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি সংগৃহীত
দেশের বিদ্যুৎ খাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দক্ষ চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে অন্তত ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনাও রাখা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের প্রণীত কৌশলপত্রটি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং জনমতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে।
সরকারের মতে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমবে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে, বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নেও ইতিবাচক অগ্রগতি হবে।
কৌশলপত্রে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে রুফটপ সৌরবিদ্যুৎ, নেট মিটারিং, ওপেক্স (OPEX) মডেল, স্মার্ট গ্রিড, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS), ভাসমান সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়ু ও জলবিদ্যুৎ, বায়োগ্যাস, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং অবকাঠামো এবং ক্লিন কুকিং প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে বিশেষ তহবিল গঠন, সহজ শর্তে অর্থায়ন, ক্রেডিট গ্যারান্টি, কার্বন ক্রেডিট ব্যবস্থা উন্নয়ন, কর-সুবিধা, আমদানি শুল্ক যৌক্তিকীকরণ এবং স্থানীয় উৎপাদন ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে কৃষিজমি রক্ষা, সৌর প্যানেল ও ব্যাটারির পুনঃপ্রক্রিয়াকরণ, ই-বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে। বিশেষভাবে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে প্রশিক্ষিত জনবল তৈরিতে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৌশলপত্র বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের অধীনে একটি রিয়েল-টাইম অনলাইন মনিটরিং ড্যাশবোর্ড চালু করা হবে। পাশাপাশি নিয়মিত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভার মাধ্যমে কার্যক্রম মূল্যায়ন করা হবে। নীতিনির্ধারণ, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ে একটি জাতীয় পলিসি কাউন্সিলও গঠনের পরিকল্পনা রয়েছে।