বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ায় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় বেড়েছে কয়েক গুণ। একই সঙ্গে চিকিৎসা ভিসা পাওয়ার প্রক্রিয়াও সহজ হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আবেদন জমা দিতে আসছেন। তবে নতুন চালু হওয়া টাইম-স্লট পদ্ধতি নিয়ে অনেক আবেদনকারী অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের স্লট পাওয়া কঠিন হয়ে পড়ায় অনেকেই বাধ্য হয়ে এজেন্সি বা দালালের শরণাপন্ন হচ্ছেন।
গত ২৯ জুন থেকে ঢাকাসহ দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পূর্ণাঙ্গভাবে আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কসংলগ্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বৃষ্টি ও তীব্র রোদ উপেক্ষা করেই আবেদন জমা দিতে দীর্ঘ সময় বাইরে অবস্থান করতে হচ্ছে তাদের।
আবেদনকারীদের অনেকেই জানান, চিকিৎসা কিংবা ভ্রমণের প্রয়োজন থাকলেও অনলাইনে টাইম-স্লট পাওয়া সহজ হচ্ছে না। তাদের দাবি, সাধারণভাবে আবেদন করলে নির্ধারিত সময় মিলছে না, অথচ বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা মধ্যস্থতাকারীরা অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত স্লটের ব্যবস্থা করে দিচ্ছে।
নারায়ণগঞ্জ থেকে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে আসা এক ভিসাপ্রার্থী বলেন, ঢাকায় চিকিৎসার পরও সন্তানের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভারতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগেও মেডিকেল ভিসার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। এবার আবার আবেদন করতে এসে দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে কলকাতায় আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে আসা আরেক আবেদনকারী জানান, ট্যুরিস্ট ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় বহুদিন ভারতে যেতে পারেননি। এখন আবার ভিসা চালু হওয়ায় আবেদন করেছেন এবং দ্রুত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
গত ১ জুলাই থেকে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় টাইম-স্লট ব্যবস্থা চালু হয়েছে। এ পদ্ধতিতে আবেদনকারীকে প্রথমে অনলাইনে তথ্য দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হয়। এরপর নির্ধারিত সময়ের স্লট পাওয়ার পর ভিসা ফি জমা দিয়ে নির্দিষ্ট দিনে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হয়।
তবে অনেক আবেদনকারীর অভিযোগ, এই স্লট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ দাবি করেন, ভিসার সরকারি ফি দেড় হাজার টাকা হলেও স্লটের ব্যবস্থা করে দেওয়ার নামে বিভিন্ন এজেন্সি ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।
এদিকে আবেদন কেন্দ্রের বাইরে সক্রিয় দালালচক্র নিয়েও অভিযোগ রয়েছে। কয়েকজন আবেদনকারী জানান, লাইনে দ্রুত প্রবেশ বা আবেদন জমা দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছেন কিছু ব্যক্তি।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ। কেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, টাইম-স্লট ব্যবস্থা আবেদনকারীদের সুবিধার জন্যই চালু করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করলে যে কেউ নিজেই আবেদন করতে পারবেন। দালাল বা এজেন্সির মাধ্যমে আবেদন করার কোনো প্রয়োজন নেই বলেও তিনি দাবি করেন।