বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ কার্যকর ভূমিকা পালন করবে। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম উন্নয়ন যোগাযোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার কথাও জাতীয় পর্যায়ে তুলে ধরবে।

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী আনসার ও ভিডিপিকে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও আধুনিক বাহিনীতে রূপান্তর করতে হবে। তিনি জানান, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে তাঁদের দক্ষতা, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড আরও বিস্তৃতভাবে জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে আনসার ও ভিডিপি আরও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে। তাঁর ভাষায়, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি মিডিয়া সেল নয়; এটি প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্য এবং সমাজে নীরবে অবদান রেখে চলা মানুষের গল্প তুলে ধরার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

বিশেষ অতিথি হাবিবুর রশিদ বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর যাত্রা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে এটি সামাজিক নিরাপত্তা জোরদার এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে আনসার-ভিডিপির অংশগ্রহণকে আরও দৃশ্যমান করবে।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার ও ভিডিপির বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। তিনি জানান, নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সমাজ উন্নয়ন, প্রান্তিক মানুষের সংগ্রাম, সাফল্য এবং ইতিবাচক উদ্যোগের সংবাদ নিয়মিতভাবে এই প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, তৃণমূলের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও বাস্তব চিত্র মূলধারার গণমাধ্যমে স্থান পায় না। ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই শূন্যতা পূরণের পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের আশা, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্যপ্রবাহ আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী হবে এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জাতীয় পরিসরে আরও শক্তিশালীভাবে প্রতিফলিত হবে।