বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বৃহস্পতিবার জাতীয় সংসদে তাদের প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে।
বিকেল ৩টায় অর্থ ও পরিকল্পনাবিষয়ক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন। এটি শুধু নতুন সরকারেরই নয়, অর্থমন্ত্রী হিসেবেও আমির খসরুর প্রথম বাজেট।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। প্রায় ১৭ বছর প্রবাসজীবন শেষে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। ফলে নতুন সরকারের প্রথম বাজেটকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডসহ একাধিক উদ্যোগ ইতোমধ্যে চালু বা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। অন্যদিকে বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
দেশের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় বাজেট। ফলে এত বিশাল ব্যয়ের অর্থায়ন, রাজস্ব আদায়ের সক্ষমতা এবং বাস্তবায়নযোগ্যতা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে আলোচনা চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি খাতের সংকট এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি সংসদে বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিকে অগ্রাধিকার দিচ্ছে। নতুন বাজেটেও সেই প্রতিফলন থাকবে বলে আশা করা হচ্ছে।
এখন নজর সংসদের দিকে। বিএনপি সরকারের প্রথম বাজেট দেশের অর্থনীতিকে কতটা নতুন গতিপথ দেখাতে পারে তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে ব্যবসায়ী মহল—সবখানেই চলছে আলোচনা ও প্রত্যাশা।