বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ- ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংকে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে কঠোর তদন্তের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তার মতে, ইসলামের নাম ব্যবহার করেই এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণের পর ব্যাপক কর্মী ছাঁটাই, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, নিয়মবহির্ভূত পদোন্নতি এবং ঋণসংক্রান্ত অনিয়মের নানা অভিযোগ সামনে এসেছে।
মন্ত্রী জানান, প্রায় ৯ হাজার কর্মীকে নিয়মবহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক আদর্শের ভিত্তিতে প্রায় ৬ হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যাদের একটি বড় অংশকে ইতোমধ্যে স্থায়ী করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়ম না মেনেই বিপুল সংখ্যক পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক কর্মকর্তা স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে একাধিক ধাপে দ্রুত পদোন্নতি পেয়েছেন যা ব্যাংকিং শৃঙ্খলার পরিপন্থী।
ঋণ জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর অনুমোদিত বড় অঙ্কের ঋণগুলোরও তদন্ত করা হবে।
কিছু প্রতিষ্ঠানের বিপুল ঋণ গ্রহণ ও সেই অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে এবং দায়ীদের চিহ্নিত করা হবে।
অর্থপাচারের অভিযোগ নিয়েও তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোরও পূর্ণাঙ্গ অনুসন্ধান হওয়া প্রয়োজন। জনগণের অর্থের অপব্যবহার হয়ে থাকলে তা পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক জনস্বার্থে প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা অন্যান্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও ক্ষমতা রয়েছে।
আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক খাতে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং ব্যাংক পরিচালনায় অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধের দাবিতে জাতীয় সংসদে একটি সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় অংশ নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী এসব বক্তব্য দেন।