বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম -ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে করপোরেশনটির আওতাধীন প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
শুক্রবার রাজধানীর ওয়ারী এলাকায় একটি পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
আব্দুস সালাম বলেন, ডিএসসিসির বিভিন্ন এলাকায় পরিচালিত জরিপ ও অভিযানকালে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এ পরিস্থিতি ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, শুধু বাড়ির ভেতর নয়, আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অনেক সচেতন। শুধু স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নয়, খেলার মাঠসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়েও তিনি নজর রাখছেন।
নগর উন্নয়নের প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, জনগণের সমর্থনে যদি মেয়র নির্বাচিত হই, তাহলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমূল পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশেষজ্ঞরা মনে করছেন, এডিস মশার বিস্তার রোধে নাগরিক সচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের কোনো বিকল্প নেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নগর এলাকায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বরং পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এদিকে ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পর্যবেক্ষণ ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।