বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের সামনে একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সময় হেসেখেলে বা দায়িত্বহীনভাবে চললে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে।
রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে মানুষ জিয়া ও বাংলাদেশকে প্রায় এক ও অভিন্নভাবে দেখতো। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছিলেন। সেই পথই অনুসরণ করতে হবে।
তারেক রহমান বলেন, দেশে বর্তমানে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ কীভাবে গড়ে তোলা যায়, সে বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১২ তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে। গত ১৭ বছরে কীভাবে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে তার জীবন্ত সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ।
তিনি সরকারের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে যখন জানা গেল দেশের মানুষ টু-থার্ড মেজরিটি দিয়ে এই পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে, তখন এই ম্যানিফেস্টো আর শুধু বিএনপির থাকেনি; এটি এখন দেশের ৫২ শতাংশ মানুষের পরিকল্পনা। একটি রাজনৈতিক দলের সরকার হিসেবে এটি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।
ইশতেহারে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, শিক্ষার প্রসার এবং গার্মেন্টস শিল্পের ভিত্তির প্রতিফলন রয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই দল জয়ী হয়েছে। তবে জয়ী হওয়াতেই কাজ শেষ হয়ে যায়নি। শুধু মন্ত্রী বা এমপিদের পরিশ্রমে লক্ষ্য অর্জন সম্ভব নয় এর জন্য তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বিএনপি চেয়ারম্যান বলেন, যখন দেশের প্রতিটি নেতা-কর্মী সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নে মাঠে নেমে কাজ করবেন তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।