বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম বাড়ানোর ঘোষণা দিলেও বাজারে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে চামড়া বিক্রি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান ও সায়েন্স ল্যাব এলাকায় চামড়া ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার দাম বাড়ালেও ট্যানারি মালিকদের কাছ থেকে সেই অনুযায়ী মূল্য নিশ্চিত করা হয়নি। ফলে তারা কম দামে চামড়া কিনতে বাধ্য হচ্ছেন। অনেক বিক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় এবার প্রতি গরুর চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম দাম পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে অধিকাংশ কাঁচা গরুর চামড়া ৫০০ থেকে ৬৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অথচ গত বছর একই ধরনের চামড়া ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছিল।
সরকার এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি। এছাড়া ছাগলের চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ছাগলের চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ হিসাবে ছোট আকারের একটি গরুর চামড়ার দাম প্রায় এক হাজার টাকা হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক কম দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের মৌসুমি ব্যবসায়ী মোহাম্মদ স্বপন বলেন, ছোট চামড়া ৪৫০ টাকা, মাঝারি ৫০০ থেকে ৫৫০ টাকা এবং বড় চামড়া ৬০০ থেকে ৬৫০ টাকায় কিনছেন তিনি। দুপুর পর্যন্ত প্রায় ৩০টি চামড়া সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।
সায়েন্স ল্যাব এলাকার ব্যবসায়ী আবিদ হোসেন হানিফ বলেন, ট্যানারি মালিকদের কাছ থেকে কম দাম পাওয়ায় তারাও কম দামে চামড়া কিনছেন। তার ভাষ্য, গত বছরের তুলনায় বাজারে দাম কিছুটা কম রয়েছে।
অন্যদিকে ধানমন্ডি এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন জানান, ছাগলের চামড়ার চাহিদা খুবই কম। অনেক ক্ষেত্রে চামড়া বিক্রেতাদের নামমাত্র মূল্য দেওয়া হচ্ছে, আবার কোথাও বিনামূল্যেও চামড়া নেওয়া হচ্ছে।
তবে চামড়ার দাম কমেনি বলে দাবি করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত উল্লাহ। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি রয়েছে। তার মতে, বাজার পুরোপুরি সক্রিয় না হওয়ায় দিনের শুরুতে কেউ কেউ কম দাম পেয়ে থাকতে পারেন।
এ বছর ট্যানারি মালিকরা ৭৫ থেকে ৮০ লাখ কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন। এর মধ্যে রাজধানী থেকেই প্রায় ৮০ শতাংশ চামড়া সরাসরি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ বছর কোরবানির জন্য প্রায় ১ কোটি ২৩ লাখ পশু প্রস্তুত ছিল, যেখানে চাহিদা ছিল প্রায় ১ কোটি ১ লাখ।