বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান - ছবি ::সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য।
আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে সমর্পণের এই উৎসব সবাইকে সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঈদের আনন্দ ভাগাভাগি এবং সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সচ্ছল নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রী বিনীত আহ্বান জানান।
তিনি বলেন, যাদের আল্লাহ এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির অন্যতম শিক্ষা।
উৎসবে পরিবেশ ও নাগরিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তাগিদ দিয়ে দেশবাসীর প্রতি সরকারপ্রধান আরও কিছু জরুরি আহ্বান জানান।
তিনি বলেন, কোরবানির চামড়া যেন যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। একই সঙ্গে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করার এবং যথাসম্ভব নিজেদেরও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী, যেন ঈদের দিনেই চারপাশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হয়।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কায়মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও বিশেষ দোয়া করেন তিনি।